Cvoice24.com

`শৈশবেই বুনন হোক সাম্যের মনন`
উচ্চারকের শিশু আবৃত্তি উৎসব উদ্বোধন

সিভয়েস২৪ ডেস্ক
২০:১৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫
উচ্চারকের শিশু আবৃত্তি উৎসব উদ্বোধন

'শৈশবেই বুনন হোক সাম্যের মনন'  শিরোনামে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে উচ্চারক শিশু কুঞ্জ আয়োজিত দুই দিনব্যাপী শিশু আবৃত্তি উৎসব শুরু হয়েছে।

উদ্বোধনী দিনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে শিশুরা নানাভাবে বিপন্নতার শিকার হচ্ছে। শিশুদের জন্য আমাদের অনেক কিছুই করার আছে। আমাদের শিশুরা এখনো অনেক মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাই আমাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত শিশুদের অধিকার নিশ্চিত করতে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চাও শিশুদের অধিকার। উচ্চারক শিশু কুঞ্জ সেই অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। যা অত্যন্ত প্রশংসনীয়।

উৎসবের উদ্বোধক ইস্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার মোহাম্মদ নুর নবী বলেন, শিশুদের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ কেবল ভাষাগত শুদ্ধতা আনে না, শিশুর মানস গঠনের ক্ষেত্রেও বেশ ইতিবাচক ভূমিকা রাখে। 



উচ্চারক সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদ ও সাংবাদিক মনজুর কাদের মনজু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উচ্চারকের শুভানুধ্যায়ী সদস্য বাউল তাত্ত্বিক ও নাট্যজন স্বপন মজুমদার, কবি শহিদ মিয়া বাহার, লেখক ও গবেষক খন রঞ্জন রায়, লেখক ও সংগঠক সজল চৌধুরী, সাংবাদিক সাইদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উৎসবের আহ্বায়ক লেখক ও সাংবাদিক আলীউর রহমান।

উৎসবে দলীয় আবৃত্তি পরিবেশন করে উচ্চারক শিশু কুঞ্জ, আমন্ত্রিত আবৃত্তি সংগঠন ঢাকার বাংলা আমার, চট্টগ্রামের বোধন আবৃত্তি পরিষদ, খাগড়াছড়ির আরণ্যক বাচিকশিল্প চর্চাকেন্দ্র, দীপালোক আবৃত্তি অঙ্গন। দলীয় নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল, স্কুল অফ ওরিয়েন্টাল ড্যান্স ও প্রাফন একাডেমি।

একক আবৃত্তি পরিবেশন করেন গোধূলি বড়ুয়া, সাজেদা ইসফাত রহমান সামান্থা, অথৈ রহমান, ওলিউল্লাহ ভুঁইয়া নাজিফ, রাদিয়া জাহেদ, ফাবিহা তাহের আবৃত্তি, মুহিত ইউসুফ, শোভিত চাকমা, কেন কেন উঃ মারমা, মিচিংনু মারমা, ফারিহা তাহের গল্প, শাহিদ, মানহা, মিশেল, দেব দুহিতা ঘোষ, আমন্ত্রিত ছড়া শিল্পী উৎপল কান্তি বড়ুয়া, জসিম মেহবুব, সৈয়দ খালেদুল আনোয়ার, শেলীনা আকতার খানম।

উৎসবে আবৃত্তি ছাড়াও হারিয়ে যাওয়া ঐতিহ্য বায়োস্কোপ প্রদর্শন, যাদু প্রদর্শন ও গল্প বলার আয়োজন ছিল।